যশোরে নাভারন এলাকায় ট্রেনের ধাক্কায় ২ স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় ৪ ছাত্রী। নাভারন পুরাতন বাজারের কাছে কুন্দিপুর রেলক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ ছাত্রী হচ্ছে- ঝিকরগাছা উপজেলার করিমালি গ্রামের খোকন আলীর মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী মহুয়া (১৫) এবং গুলনগর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী হাবিবা ওরফে মীম (১৬)। অভিভাবকদের আবেদনে জেলা প্রশাসকের নির্দেশে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানায়।
আহতরা হচ্ছে—কুন্দিপুর গ্রামের মনিরুলের মেয়ে রিমা (১৫), বাকী করিমালী গ্রামের জয়নালের মেয়ে সুমাইয়া (১৪), গুলনগর গ্রামের নওশেরের মেয়ে রোকসানা (১২) এবং বেড়াবালি গ্রামের রবিউল ইসলামের মেয়ে কবিতা (১২)। তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থা আশংকাজনক হওয়ায় রিমাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই শার্শার বুরুজবাগান মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টায় ছুটির পর স্থানীয় প্রযুক্তিতে নির্মিত নসিমনকে স্কুলভ্যানে রূপান্তরিত অটোরিকশায় ৬ জন ছাত্রী বাসায় ফিরছিল। নাভারন পুরাতন বাজারের কুন্দিপুর এলাকার রেললাইনের ওপর দিয়ে চালক ভ্যানটি পার করার চেষ্টা করছিলেন। এ সময় বেনাপোল থেকে খুলনাগামী দ্রুতগামী কমিউটার ট্রেনটি ভ্যানটি চাপা দিলে ওই ২ ছাত্রী দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় ভ্যানচালক রেললাইন থেকে পাশে ছিটকে পড়লেও তিনি পালিয়ে গেছেন। ঝিকরগাছা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, রেললাইনের সাথে সংযুক্ত রাস্তাটি নতুন করে নির্মাণ করা হলেও ওখানে কোনো রেলক্রসিং নেই।
