বুড়িগঙ্গার তীরের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৭ মে ২০১৯, ২০:০৫

ফতুল্লায় বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে উঠা অন্তত ৩০টি বালুর গদিসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দর। এ সময় জব্দ করা বালু ১০ লাখ ৩২ হাজার টাকায় নিলামে বিক্রি করে দিয়েছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। দুইদিন ব্যাপী অভিযানের প্রথম দিনে সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন) শফিকুল হক, যুগ্ম সচিব নুরুল আলম, যুগ্ম পরিচালক সাইফুল হক, উপ পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক রেজাউল করিম রেজা, নূর হোসেন, উপ সহকারী প্রকৌশলী আজিজুর রহমান প্রমুখ। এ সময় দুইটি এক্সাভেটর (ভেকু), দুইটি উচ্ছেদকারী জাহাজ, একটি টাগবোট, বিপুল সংখ্যক পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর নির্ধারিত সীমানার ভেতরে যারা অবৈধভাবে নদী দখল করেছে, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: বাবা সবুর করতে পারতেন, আফসানা করেনি

বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় কিছু সংখ্যক প্রভাবশালী ব্যক্তি নদীর তীর ভরাট করে অবৈধভাবে বালু, পাথর ও ইটের ব্যবসা করত। রবিবার ওই সকল অবৈধ দখলদারসহ খেয়াঘাট পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফতুল্লা বালুরঘাট হিসেবে পরিচিত ওই স্থানটি বর্তমানে পণ্য লোড আনলোড করার জন্য ব্যবহৃত হবে। 

এতে করে সরকারের যেমন রাজস্ব আদায় হবে তেমনি ওই এলাকায় সৌন্দর্যবর্ধনও করা হবে। পর্যায়ক্রমে বুড়িগঙ্গা তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

ইত্তেফাক/অনি