৭২ বিয়ে করে শ্রীঘরে
৭০টির বেশি বিয়ে করে তাদের অর্থকড়ি ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগে ভারতের পাটনায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ সিজাম নামের ওই ব্যক্তিকে বিহার পুলিশ গ্রেপ্তার করার পর কেউ ভাবতে পারেনি এই লোকটিই ভুলিয়ে-ভালিয়ে বিহার আর পাশের পশ্চিমবঙ্গের ৭২ জন নারীর পাণি গ্রহণ করেছেন। পুলিশ বলছে, সিজাম নিজেকে রেলওয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে বিলাসী জীবনের লোভ দেখিয়ে গ্রামের তরুণীদের হাত করতেন। এভাবে বিয়েতে রাজি করিয়ে তিনি কিছুদিন কনের বাড়িতে থাকতেন। এভাবে তিনি হাতিয়ে নিতেন স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র। নতুন জায়গায় বদলির কথা বলে হঠাত্ করে চলে যেতেন তিনি। বলতেন, শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দিয়ে ফিরবেন।
মেয়ে হিন্দু হলে নিজেকে হিন্দু এবং মেয়ে মুসলমান হলে নিজেকে মুসলমান পরিচয় দিতেন সিজাম। নিজের পরিচয় বদলাতে অনেক নাম ব্যবহার করতেন তিনি। রেল কর্মকর্তার পোশাক পরে তিনি ট্রেনে ভ্রমণও করতেন। — বিডিনিউজ
অভিভাবকের তত্ত্বাবধানে শিশুদের ফেসবুক
বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার জন্য ১৩ বছরের নিচে যারা ফেসবুক একাউন্ট খুলতে চান তারা এখন তা করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের অভিভাবকের অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনে এ সংক্রান্ত একটি পেটেন্ট জমা দিয়েছে ফেইসবুক। অভিভাবক যতদিন অনুমোদন করবেন, ততদিন ১৩ বছরের কম বয়সীরা ফেসবুক একাউন্ট খুলে তা ব্যবহার করতে পারার বিষয়টি এতে তুলে ধরা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যবহারকারী যদি সামাজিক এই মাধ্যমটিতে প্রবেশ করার চেষ্টা করে, ফেসবুকের পক্ষ থেকে “অভিভাবকের অনুমতির” জন্য বলা হবে।— আইএএনএস
হামবড়া বাতিকের ব্লেয়ার
প্রেম, যুদ্ধসহ বিভিন্ন কারণে আলোচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের হামবড়ামি বা নিজেকে ‘ত্রাণকর্তা ভাবার’ বাতিক আছে মন্তব্য করেছেন তার এক সময়ের বন্ধু, সমালোচক ও লেখক রবার্ট হ্যারিস। এক সময়ের সাংবাদিক (বিবিসি) এবং পরে বিশ্বজুড়ে জনপ্রিয় থ্রিলার ফাদারল্যান্ডের এর এই লেখকের সঙ্গে ব্লেয়ারের প্রথম দেখা হয় ১৯৯২ সালে। কিন্তু দুই দশক আগে পরিচয় হওয়া সেই মানুষের সঙ্গে এখনকার মানুষটির অনেক ফারাক বলে মন্তব্য করেছেন তিনি। এ যাবত্কালে ব্লেয়ারের ঘোর সমালোচকদের মধ্যে রবার্ট হ্যারিস অন্যতম। — বিডিনিউজ
