সাঘাটায় আসামি ছিনতাই, দুই পুলিশ আহত

আপডেট : ২৭ মে ২০১৯, ২০:২৬

সাঘাটায় দুই পুলিশকে আহত করে বাবলু (৩০) নামে এক আসামিকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছিনিয়ে নেয় এলাকাবাসী। এরপর ৩ ঘন্টা অভিযান চালিয়ে পলাতক আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের ভন্নতের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজন পুলিশ আহত হয়েছে। আহত দুই পুলিশ সাঘাটা থানার এ এস আই জাহিদুল ইসলাম ও কনস্টেবল আনোয়ারুল ইসলাম। তাদের সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঘাটা থানার আহত এএসআই জাহিদুল ইসলাম বলেন, ‘কনস্টেবল আনোয়ারুল ইসলামসহ ঢাকা সাভার থানার মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি বড়াইকান্দি গ্রামের ইব্রাহীমের ছেলে বাবলুকে (৩০) গ্রেফতার করার জন্য দুপুর ১২ টার সময় বড়াইকান্দি গ্রামের ভন্নতের বাজার এলাকায় যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি বাবলু দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে ভন্নতের বাজারে পৌঁছায়। তাকে মোটরসাইকেলে তোলার সময় কিছু যুবক গাড়ি থামিয়ে বাকবিতণ্ডা শুরু করে। এ সময় আশেপাশে থেকে ঘটনাস্থলে ছুটে আসে কিছু লোক। তারা উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা পুলিশের পোশাক ও ব্যাচ ছিঁড়ে ফেলে। আমাদের আহত করে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় এলাকার প্রায় ৭/৮ শত নারী-পুরুষ দুই পুলিশকে অবরুদ্ধ করে রাখে।’

এ হামলায় এএসআই জাহিদুল ইসলাম জাহিদ ও কনস্টেবল আনোয়ারুল ইসলাম আহত হন। এ সংবাদ জেলা পুলিশ সুপারকে অবগত করা হলে তার নির্দেশে গাইবান্ধার ডিবি ও সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অবরুদ্ধ দুই পুলিশকে উদ্ধার করে। তাদের সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া পলাতক আসামি বাবলুকে মহিমাগঞ্জ এলাকার বামনহাজরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নোয়াপাড়া চা বাগানে শ্রমিক ধর্মঘট অব্যাহত

এছাড়া চন্দনপাঠ গ্রামের সুজন (৩২), নিজাম (৩৫), পাঠান পাড়া গ্রামের সবুজ (৩৫), ওসমানেরপাড়া গ্রামের মোস্তফা(৫৬), সোনারপাড়া গ্রামের মাসুদ রানা (৩৫), ঝইলতলা গ্রামের কালাম (৪০),বড়াইকান্দি গ্রামের মফিজল (৫৬), ওয়াজেদকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে ।

ইত্তেফাক/নূহু