ব্রাজিল নামের সঙ্গে সুন্দর ফুটবল জড়িয়ে থাকলেও এবারের বিশ্বকাপে না মানতে চান না নেইমার। তার মতে, সুন্দর ফুটবল খেলা নয়, ব্রাজিলের লক্ষ্য বিশ্বকাপ জয়। গতকাল শুক্রবার সার্বিয়ার বিপক্ষে প্রীতিম্যাচের আগে ব্রাজিল তারকা নেইমার বলেন, ‘আমরা সেসব বিষয় নিয়ে চিন্তা করছি এরমধ্যে সুন্দর ফুটবল খেলার অবস্থান সবচেয়ে শেষে। আমরা যা চাই, তা হল জয়।’ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের অফিশিয়াল ওয়েব সাইটে নেইমার আরও বলেন, ‘আমাদের দলের মানসিকতা সবসময় একরকম। প্রতিপক্ষ যারাই হোক আমরা তাদের হারাতে চাই। যত পারি, আমরা সবসময়ই গোল করতে চাই। খেলার এই ধরনটাই ধরে রাখতে চাইবো আমরা।’ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিল ‘এ’ গ্রুপের হয়ে খেলবে। উদ্বোধনী দিনেই তারা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। গ্রুপের অপর দুই দল মেক্সিকো ও ক্যামেরুন।
