মোদীর মাকে শাড়ি পাঠালেন নওয়াজ

আপডেট : ০৬ জুন ২০১৪, ২২:৫৮
জন্মলাভের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কে একটা বৈপরীত্য লক্ষ্য করা গেছে। বৈপরীত্য দূর করার চেষ্টাও হয়েছে অনেকভাবে। কিন্তু সফল হয়নি কোনো চেষ্টাই। কিন্তু এবার সম্পর্ক ভাল করার একটা উদ্যোগ নিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মাকে দিয়েছেন একটি শাল। আর নওয়াজ শরীফ মোদীর মাকে উপহার হিসেবে পাঠালেন একটি সাদা শাড়ি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী তার মায়ের জন্য সুন্দর একটা সাদা শাড়ি পাঠানোর জন্য টুইটারে নওয়াজ শরীফকে ধন্যবাদ জানান। তিনি জানান, তিনি শিগগিরই তার মাকে এই শাড়ি পাঠিয়ে দেবেন। আর সেটা ইতোমধ্যে পাঠিয়েও দিয়েছেন। মোদী টুইটারে জানান, নওয়াজ শরীফ তার সঙ্গে সাক্ষাতে মোদীকে তার মায়ের মিষ্টি খাওয়ানোর বিষয়টি জানান এবং সেই ছবি ব্যাপক আলোচিত হয়েছে বলেও উল্লেখ করেন। মোদী নওয়াজকে জানান, তার মা বেশ আবেগময়ী। গত ২৬ মে’র শপথ অনুষ্ঠানের পর এক বৈঠকে মোদী নওয়াজ শরীফকে তার মায়ের জন্য একটি শাল উপহার দেন। নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ এক টুইটার বার্তায় মোদীকে ধন্যবাদ জানান এবং ওই শালটি তার দাদীকে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান।