লোকসভার নতুন স্পিকার হলেন সুমিত্রা মহাজন

আপডেট : ০৬ জুন ২০১৪, ২২:৫৮
ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারে লোকসভার স্পিকার হিসেবে শপথ নিয়েছেন দলীয় নেত্রী সুমিত্রা মহাজন। গতকাল শুক্রবার এই পদে শপথ নেন সুমিত্রা। কংগ্রেস সরকারের আমলে মীরা কুমারের পর দ্বিতীয় নারী হিসেবে স্পিকার পদে শপথ নিলেন তিনি। বৃহস্পতিবার লোকসভা অধিবেশন শেষ হবার আগে স্পিকার পদের জন্য একমাত্র সুমিত্রা মহাজনের নামই মনোনীত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য নেতারা সর্বসম্মতভাবে তার নাম প্রস্তাব করেন। মোদী ছাড়াও সুমিত্রার নাম প্রস্তাব করেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। খবর জি নিউজের। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে অষ্টমবারে মতো জয়লাভ করেন ৭২ বছরের সুমিত্রা মহাজন। ১৯৮৯ সাল থেকে লোকসভায় ইন্দোরের এমপি তিনি। এবার সাড়ে চার লাখের বেশি ভোটে জিতেছেন তিনি। এদিকে, ডেপুটি স্পিকারের পদ পেতে পারেন থম্বিদুরানি। দুদিন আগেই মোদীর সঙ্গে এই বিষয়ে দীর্ঘ বৈঠক করেন এআইডিএমকে প্রধান জয়াললিতা। গত লোকসভা থেকেই সংসদে এআইডিএমকে-র দলনেতা থম্বিদুরানি।