‘নোলক’-এর আমন্ত্রণে...

আপডেট : ২৭ মে ২০১৯, ২০:২৯

বিনোদন রিপোর্ট

ঈদে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘নোলক’। তবে তার আগেই এই চলচ্চিত্র নিয়ে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে রাজধানীর এক রেস্তোঁরায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রীতি সম্মিলন’। ‘নোলক’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাদের বক্তব্যর মাধ্যমে আশাবাদ ব্যক্ত করেন, এই চলচ্চিত্রটি বেঁচে থাকবে বাংলার মানুষের উত্সবে আর বেদনায়। মৌলিক কাহিনির এই চলচ্চিত্রটি লিখেছেন কবি ফেরারী ফরহাদ। তিনি বলেন, ‘নোলক বাংলাদেশের গল্প, আধুনিক বাংলার এক পরিবারের, কিছু সম্পর্কের গল্প। মুখ খুলে হাসার গল্প, সেই সাথে মন ভরে কান্নার গল্প।’ শাকিব খান, ববি, ওমরসানী, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, রেবেকা রউফ, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত সহ আরো অনেকেই অভিনয় করেছেন এ ছবিতে। এ ছবি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা শহীদুল আলম সাচ্চু বলেন, ‘আমাদের মত অভিনেতাদের প্রাণ খুলে অভিনয় করার মত চরিত্র সাধারণত দেয়া হয় না। তবে ‘নোলক’-এর প্রতিটি অভিনেতা নিজের সেরাটা দেয়ার সুযোগ পেয়েছেন। এর জন্য পরিচালক সাকিব সনেট ও টীমকে ধন্যবাদ জানান তিনি। অভিনেতা ওমরসানি এ ছবিতে জুয়েল মাহমুদ চরিত্রে অভিনয় করেছেন।

তিনি বলেন, ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোও ব্যবসাসফল হোক। তবে ‘নোলক’ সবচেয়ে বেশি ব্যবসা করুক। কারণ ‘নোলক’ ছবি কোনো বিদেশী গল্প অবলম্বনে নয়। সম্পূর্ণ বাংলার ছবি, মৌলিক কাহিনীর ছবি।’ এ ছবির নায়িকা ববি বলেন,  ‘নোলক শুধু আমার অভিনয় জীবনেরই নয়, শাকিব ভাইয়ের-ও ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ ছবি হতে যাচ্ছে। মৃত্যুর পরও আমরা এ ছবির মাধ্যমে বেঁচে থাকবো। ঈদের ছবি বলতে যা বোঝায়, ‘নোলক’ তাই। বিশাল বাজেটের এ ছবিটি হায়দারাবাদের রামুজী ফিল্মস্টুডিওতে চিত্রধারণ করা, বহু তারকার অভিনয় যুদ্ধ রয়েছে, ৫টি গান রয়েছে, কমেডি-অ্যাকশন-রোমান্স-ড্রামা-সাসপেন্স-সেন্টিমেন্ট সবই রয়েছে।’ পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনাট্যকার, উপস্থাপক রুম্মান রশীদ খান।