উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত নয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য নূর সাইদ (৪২) ও সফিককে (৪০) বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোলখালী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কমিটি গঠনের জন্য বৃহস্পতিবার দিনভর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান করেন। বিকাল পাঁচটার দিকে বড় গাবুয়া ওয়ার্ডের সভাপতি প্রার্থী আব্দুর রব মৃধার নেতৃত্বে লোকজন হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে আসার পথে জুলেখা বাজারে পৌঁছলে প্রতিপক্ষ নূরুর নেতৃত্বে ৩০/৩৫ জনের সংঘবদ্ধ দল লাঠি ও দেশীয় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুইপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়।
