নছিমন-করিমনের জন্য মহাসড়কের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করা যাবে না

আপডেট : ০৬ জুন ২০১৪, ২২:৫৯
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে মহাসড়কে ইজিবাইক, নছিমন, করিমনের মত অবৈধ যান চলাচল করতে দেয়া হবে না। এসব অবৈধ পরিবহনের জন্য করা যাবে না মহাসড়কের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার পদুয়ারবাজার বিশ্বরোড রেলক্রসিং এলাকায় গতকাল শুক্রবার সকালে ৪ লেন প্রকল্পের রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে ইজিবাইক, নছিমন, করিমনের যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। সেই সাথে দেশে এসব যানবাহন তৈরির কারখানা বন্ধেরও দেয়া হয়েছে নির্দেশনা। তিনি আরো বলেন, আগামী বছরের মে-জুনের মধ্যে কুমিল্লা ও ফেনী ওভারপাসের কাজ শেষ হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যেই শেষ হবে এই মহাসড়কের ৪ লেনের নির্মাণ কাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, ৪ লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, প্রকল্প ব্যবস্থাপক-২ প্রকৌশলী মাসুম সারওয়ার, কুমিল্লা সওজ’র নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এবং ৪ লেন প্রকল্পসহ সওজ’র কর্মকর্তাবৃন্দ।