সুস্থ আর সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের যে প্রতিদিন কম করে হলেও আট গ্লাস করে পানি খাওয়া উচিত্ সে কথা তো অনেকেরই জানা। তবে এই জানাটাকে মানার পর্যায়ে নিয়ে যেতে আর মনে করে আটগ্লাস পানি খেতে আমরা অনেকেই ভুলে যাই। আর আমাদের এই খামখেয়ালি কিংবা অসচেতনতার কথা মাথায় রেখেই এবার ফ্রান্সের একটি বোতলজাত পানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাজারে নিয়ে এসেছে অভিনব একটি বোতল। এই বোতলটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেটি তার মালিককে প্রতি এক ঘণ্টা পর পর নিজে থেকেই পানি খাওয়ার কথা মনে করিয়ে দিতে পারে। মূলত ভিটেল নামের এই বোতলজাত পানিটির ক্যাপেই এজন্য যাবতীয় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন নির্মাতারা যেখানে সংযুক্ত করা হয়েছে বিশেষ একটি টাইমার। প্রতিবার পানি খাওয়ার পর পানির বোতলের মুখটি আটকে রাখার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় বোতলের মাথায় থাকা টাইমার বা সময় গণনার যন্ত্রটি। এরপর টাইমারটি কাটা ঘুরতে ঘুরতে যখন এক ঘন্টা অতিক্রান্ত হয় তখনই বোতলের এই ক্যাপটির ভেতর থেকে বেরিয়ে আসে লাল রঙের ছোট একটি ফ্ল্যাগ বা পতাকা। ফলে আপনি যদি দীর্ঘ সময় ধরে পানি না খেয়ে থাকেন তাহলে বোতলের দিকে তাকালেই পানি খাওয়ার কথা আপনার মনে পড়ে যাবে। শুধু তাই নয়, অফিসে কিংবা বাসায় দূর থেকে এই লাল পতাকাটি দেখে অন্য অনেকেও হয়তো আপনাকে মনে করিয়ে দিতে পারবে প্রয়োজনীয় পানি খাওয়ার বিষয়টুকু। সবমিলিয়ে নেহাত সাদামাটা প্রযুক্তি ব্যবহার করে বানানো এই বোতলটা অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো কাজ করবে বলে মনে করছে ভিটেল। অন্যদিকে সবাইকে সচেতন করার পাশাপাশি দিনে আট গ্লাস পানি পান তাদের বিক্রিটাও বাড়িয়ে দেবে বলে আশা ভিটেলের।
