দেশের বৃহত্তম অনলাইন তথ্যভাণ্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (infokosh.gov.bd) এবং বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’ (pipilika.com) এখন থেকে যৌথভাবে কাজ করবে। একজন ব্যবহারকারী তথ্যকোষ বা পিপীলিকা—যেকোনো এক জায়গায় তথ্য অনুসন্ধান করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে দুই জায়গারই তথ্য দেখানো হবে। এ ছাড়া জাতীয় বাতায়নের আওতায় ২৪ হাজারের বেশি ওয়েবসাইটের তথ্য পিপীলিকায় সার্চ দিয়ে খুব সহজে পাওয়া যাবে। তথ্য ও সেবাপ্রাপ্তি সহজ করতে এবং সরকারি-বেসরকারি পর্যায়ের তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোগ ও উদ্ভাবনের মধ্যে সমন্বয় সাধনের লক্ষে গত ৭ জুন এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুযায়ী, কম্পিউটার সায়েন্স বিভাগের বিভিন্ন উদ্ভাবনের সেবা তৃণমূলে ছড়িয়ে দিতে এটুআই সহায়তা করবে। অন্যদিকে এটুআইয়ের বিভিন্ন উদ্ভাবন প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান করবে সিএসই বিভাগ। এ ছাড়া ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান নিজেদের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতাও বিনিময় করবে।
