রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষীরা হলেন- পুলিশ পরিদর্শক রফিকুল আলম, উপ-পরিদর্শক কবির হোসেন, মিজানুর রহমান, দিদার হোসেন ও দীন ইসলাম। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১৩ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে।এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে পাঁচ তরুণের ওই হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে গলা কেটে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন কমান্ডো অভিযানে নিহত হন হামলাকারী পাঁচ তরুণ রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাজ ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।
আরও পড়ুন: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
প্রায় দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ২০১৮ সালের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। চিহ্নিত বাকি ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা।
ইত্তেফাক/কেকে
