বাঁশিতে সম্মোহনী সুর

আপডেট : ০৭ জুন ২০১৪, ২১:৫৭
বাঁশির সুর শুনে মন উতলা হয় না এমন মানুষ কি আছে! বাঁশির উন্মাতাল করা সুরের টানে সম্মোহিত হন সবাই। প্রখ্যাত বাঁশিবাদক এম মনিরুজ্জামানের বাঁশির সুর শ্রোতাদের সেই সম্মোহনী ডাকই যেন পাঠিয়েছিল গতকাল শনিবার ফার্মগেটে ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট অনুষ্ঠানে। বাঁশিবাদক ওস্তাদ আব্দুর রহমানের ছেলে এম মনিরুজ্জামানও বাংলাদেশের অন্যতম একজন বাঁশিবাদক। তার ঘণ্টাব্যাপী এই সুরলহরি মন মাতালো শ্রোতা-দর্শকদের। তিনি একে একে বাজিয়ে শোনান রাগ মধুবন্তি, কাজিরিধুন। এরপর আলাপ-জোড় আলাপ হয়ে এক তাল ও ত্রিতাল মধ্যমা দিয়ে শেষ করেন। তার সঙ্গে তানপুরায় সঙ্গত করেন রাজিয়া সুলতানা আর তবলায় ছিলেন ইফতেখার হাসান প্রধান। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এর উদ্বোধন উপলক্ষে এখন চলছে শিল্পী এস এম সুলতানের ‘পরাদৃষ্টি’ শীর্ষক প্রদর্শনী। এ প্রদর্শনী উপলক্ষেই বিশেষ এ যন্ত্র সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদর্শনী চলবে ১৩ জুলাই পর্যন্ত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ‘ঘাসফুল’ আয়োজন করেছিল সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শনিবার ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে ‘বিদ্রোহী’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শিক্ষাবিদ সফিউদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী, ইংরেজি ও ভাষাতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনুসর মুসা, কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক পারভেজ হোসেন প্রমুখ। সেমিনার শেষে সাধনার পরিবেশনায় ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এতে অংশ নেন অমিত চৌধুরী, সাব্বির আহমেদ খান, জুয়েইরিয়াহ মৌলি, শাম্মী আকতার ও সামিয়া সারাইয়া মেলা। আলিয়ঁস ফ্রঁসেজে ‘প্রকৃতি ও মাটি ঘেঁষা মানুষ’ রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার জুম গ্যালারিতে শুক্রবার শুরু হয়েছে শিল্পী অপূর্ব রঞ্জন বিশ্বাসের নবম একক চিত্র প্রদর্শনী ‘প্রকৃতি ও মাটি ঘেষাঁ মানুষ’। প্রদর্শনীর উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন। বিশেষ অতিথি ছিলেন ঢাবি চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের প্রধান অধ্যাপক জামাল আহমেদ। এই প্রদর্শনীতে শিল্পী অপূর্ব মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অ্যাক্রেলিককে। প্রায় ২০টি অ্যাক্রেলিক ও পেন অ্যান্ড ইংক মাধ্যমে আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী ১৯ জুন পর্যন্ত সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। শুরু হলো উদীচীর প্রামাণ্যচিত্র উত্সব বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের আয়োজনে শুক্রবার শুরু হয়েছে প্রামাণ্যচিত্র উত্সব ও প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। এতে উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাঁওজাল এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার। অনুষ্ঠানে আয়োজকেরা জানান, একই উত্সবে শুরু হয়েছে তিনমাস মেয়াদী প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক কর্মশালাও। কর্মশালার দ্বিতীয় পর্বে “প্রামাণ্যচিত্রের প্রাথমিক ধারণা” বিষয়ে প্রশিক্ষণ দেন কাজী সালমান শীশ। ঢাকাবাসীর ফল প্রদর্শনী ঢাকাবাসী ও রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপন পরিষদ শনিবার শাহবাগ পাবলিক লাইব্রেরি সেমিনার কক্ষে আয়োজন করেছিল মৌসুমী ফলের প্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন ইনাম আহমেদ চৌধুরী ও নাগিনা চৌধুরী।