ঝিনাইদহ সদর থানা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক ও পাগলাকানাই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইলিয়াস হোসেন নিখোঁজের ১৩ দিনেও উদ্ধার হয়নি। পরিবারের অভিযোগ তাকে অপহরণ করে গুম করা হয়েছে।
সরকারি কেসি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেয় ইলিয়াস হোসেন। সে ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের সানারুদ্দীন মোল্ল্যার একমাত্র ছেলে। গত উপজেলা নির্বাচনের পর থেকেই ইলিয়াস বেড়বাড়ি ছেড়ে শহরের পাগলাকানাই এলাকায় মেসে থাকত।
গতকাল শনিবার তার মা আনোয়ারা বেগম বলেন, গত ২৬ মে সন্ধ্যার আগে বাড়ি থেকে টাকা নিয়ে ঝিনাইদহ শহরে মেসের উদ্দেশ্যে রওনা হয়। তারপর থেকে ছেলে নিখোঁজ রয়েছে। তিনি তার ছেলে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, নিখোঁজ ইলিয়াসের সন্ধানের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।
