সমর্থন আর্জেন্টিনায় ফেবারিট ব্রাজিল!

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:১০
দেশের আরও অনেকের মতো ডিয়েগো ম্যারাডোনার জন্যই আর্জেন্টিনার সমর্থক তিনি। কিন্তু বছরের পর বছর দলটির সমর্থন করতে করতে একটা ব্যাপার বুঝে ফেলেছেন, এই দলের হয়ে শিরোপার আশা করা কঠিন। সে আশা এবার করছেনও না মাশরাফি বিন মুর্তজা। তাই ভালোবাসায় আর্জেন্টিনা থাকলেও বাজির ঘোড়া তার ব্রাজিল! গতকাল মাশরাফি বলছিলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। ম্যারাডোনার জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এই ধরনের কোনকিছু আশা করি না। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে ৯০ ভাগ সুযোগ রয়েছে ব্রাজিলের। তারা দিন দিন উন্নতি করেছে। বিশ্বকাপ সবার চেয়ে বেশি নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল ডিফারেন্ট টিম। খুব বেশি সুযোগ রয়েছে ব্রাজিল বিশ্বকাপ নেয়ার।’ বিশ্বকাপ ফুটবল আসলে এমনই এক সর্বগ্রাসী ব্যাপার যে, কয়েকদিন পর বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক সিরিজ, তারপরও মাশরাফি সেই বিশ্বকাপে মজেছেন। এই মজাটা ছোটবেলা থেকেই বলে বলছিলেন মাশরাফি, ‘বিশ্বকাপ নিয়ে ছোটবেলা থেকেই উন্মাদনা কাজ করে। এবার হয়তো ১৯ তারিখের আগে অতটা উন্মাদনা কাজ করবে না। কারণ আমাদের নিজেদেরই খেলা আছে। ভারতের বিপক্ষে সিরিজটা যদি ভালো যায় তাহলে অবশ্যই বিশ্বকাপ খুব উপভোগ করবো। তবে ফুটবল বিশ্বকাপের মতো মজা অন্য কোথাও পাওয়া যায় না।’