বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগের কতিপয় কর্মকর্তার গাফিলতির কারণে ঢাকা-ফ্রাঙ্কফুর্ট-ঢাকা রুটের একটি ফ্লাইটের যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এতে জাতীয় পতাকাবাহী বিমানের শুধু আর্থিক গচ্চা দিতে হয়েছে প্রায় ৩০ হাজার ডলার। আর উড়োজাহাজটি নির্দিষ্ট গন্তব্য থেকে নির্ধারিত সময়ের প্রায় ১৩ ঘণ্টা পর ঢাকায় ফেরার কারণে বিমানের বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। গাফিলতির কারণে বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান ও জয়নাল আবেদিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৩০ মার্চ থেকে বিমান তার দীর্ঘদিন বন্ধ ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে ফ্লাইট চলাচল পুনরায় চালু করে। প্রথমে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে রোম হয়ে ফ্রাঙ্কফুর্ট গিয়ে সেখান থেকে আবার রোম হয়ে ঢাকায় চলাচল করত। কিন্তু গত ৩০ মে থেকে বিমান এই ফ্লাইটের সিডিউল পুনঃনির্ধারণ করে। নতুন সিডিউল অনুযায়ী এই ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে সরাসরি ফ্রাঙ্কফুর্ট যাবে এবং সেখান থেকে রোম হয়ে ঢাকায় ফিরে আসবে। ফ্লাইটটি ঢাকা থেকে ফ্রাঙ্কফুর্ট যেতে রাশিয়ার আকাশ সীমা অতিক্রম করতে হবে। এজন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী রাশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পূর্বানুমতি প্রয়োজন। আর সেই অনুমতির জন্য বিমান কর্তৃপক্ষ সম্প্রতি রাশিয়ার কাছে আবেদন জানায়। কিন্তু সেই অনুমতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি লন্ডনস্থ বিমানের আঞ্চলিক অফিসথেকে গত শুক্রবার সকালে বিমানের ফ্লাইট অপারেশন বিভাগকে জানিয়ে দেয়া হয় এবং অনুমতি না পাওয়া পর্যন্ত বিকল্প পথ দিয়ে ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। নতুন সিডিউল অনুযায়ী শুক্রবার দুপুর দেড়টায় প্রথম বিমানের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্রাঙ্কফুর্ট পৌঁছানোর কথা। কিন্তু পাঁচ ঘণ্টা উড্ডয়নের পর এই বোয়িং উড়োজাহাজটি রাশিয়ার আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করে। এ সময় অনুমতি না থাকার কারণ দেখিয়ে সেদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বাধা দেয়া হয়। ফলে উড়োজাহাজটি প্রথমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি চায়। কিন্তু সেই অনুমতি না পেয়ে পুনরায় পাঁচ ঘণ্টা আকাশে উড়ে ওমানের মাস্কাট বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। মাস্কাটে দুই ঘণ্টা যাত্রা বিরতি শেষে জ্বালানি নিয়ে ফ্লাইটটি প্রথমে রোমে যায়। এরপর সেখান থেকে বিকল্প পথে গতকাল শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় ফ্রাঙ্কফুর্ট পৌঁছে। ফ্রাঙ্কফুর্ট থেকে দুই ঘণ্টা পর ফ্লাইটটি আবার বিকল্প পথ দিয়ে প্রায় ১৪ ঘণ্টা বিলম্বে গতকাল রাত ১০টার দিকে ঢাকায় ফিরে আসে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিমানের একজন পরিচালক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাশিয়ার আকাশ সীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি ওই ফ্লাইটটি উড্ডয়নের অনেক আগেই জানানো হয়েছিল। কিন্তু এই বার্তাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আনা হয়নি। ফলে বিপত্তি দেখা দেয়।
