পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করাকে কেন্দ করে গতকাল শনিবার ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে ৫ ছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গত ৪ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্রদলের কমিটি গঠিত হয়। পাবনা জেলা শাখার সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা সমর্থিত এই কমিটিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুইট সমর্থিত তুর্য গ্রুপের নেতা-কর্মীরা বাদ পড়েন। কমিটি থেকে বাদ পড়ার ক্ষোভে তুর্য গ্রুপ সকাল ১০টার দিকে সেলিম গ্রুপের কর্মীদের উপর হামলা চালায়। এরই জবাবে দুপুর ১২টার দিকে সেলিম গ্রুপ তার লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তুর্য গ্রুপের উপর হামলা চালায়। প্রায় আধাঘণ্টা চলে ছাত্রদলের উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ। পরে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ছাত্রদলের উভয় গ্রুপকে ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেন। খবর পেয়ে পাবনা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
