বিশ্বকাপের আগে এ এক নিয়মিত চিত্র। অনুশীলন ও অনুশীলন ম্যাচে আঘাত পেয়ে কয়েকজন তারকা প্রতি বিশ্বকাপেই দর্শক হয়ে যাবেন; এই যেন নিয়তি।
এবারও সেই নিয়তির ছোবল ভয়ানকভাবে শুরু হয়েছে। আর এই ছোবলের সর্বশেষ শিকার হলেন শুক্রবার জার্মান মিডফিল্ডার মার্কো রিউস। এদিন আর্মেনিয়ার বিপক্ষে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জেতা ম্যাচে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন রিউস। পরে জার্মান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে রিউসের পক্ষে আর বিশ্বকাপ খেলা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে রিউসের বদলী হিসেবে জোকোরদান মুস্তাফিকে দলে ডাকা হয়েছে।
২৫ বছর বয়সী রিউসকে জার্মানির বর্তমান দলটির অন্যতম ভরসা মনে করা হচ্ছিল। এমনিতেই ইনজুরি ও কোচের সঙ্গে টানাপোড়েনে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় স্কোয়াডে সুযোগ পাননি। বিশেষ করে সামির নাসরির অনুপস্থিতিতে রিউসকে বড় দায়িত্বই পালন করতে হতো। শেষ পর্যন্ত রিউসের ইনজুরিতেও কোচ জোয়াখিম লো ফিরে তাকাননি সেই নাসরির দিকে। বরং বেছে নিয়েছেন মাত্র এক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন মুস্তাফিকে।
এ পর্যন্ত যারা ছিটকে গেলেন
কলম্বিয়া: রাদামেল ফ্যালকাও
ফ্রান্স: ফ্রাঙ্ক রিবেরি, ক্লেমেন্ত গ্রেনিয়ের
ইতালি: রিকার্ডো মন্টোলিভো
জার্মানি: মার্কো রিউস
ঘানা: জেরি আকামিনকো
মেক্সিকো: লুইস মন্তেস
