আখাউড়া সীমান্তে আগরতলায় সংঘর্ষে বিএসএফ সদস্যসহ দুইজন নিহত

আপডেট : ০৭ জুন ২০১৪, ২৩:১২
গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার দক্ষিণ রামনগর এলাকায় গ্রামবাসী ও বিএসএফ এর সংঘর্ষে এক বৃদ্ধ ও এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন। ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সালাহউদ্দিন বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ একটি ঘটনা। তবে বিজিবি সীমান্তে সতর্কতার সাথে বিষয়টি পর্যবেক্ষণ করছে। স্থানীয় গ্রামবাসী ও আগরতলার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আগরতলা পশ্চিম থানার দক্ষিণ রামনগর এলাকায় বিদ্যুত্ না থাকায় কিছু লোক কবরখলা এলাকায় বসে সময় কাটাচ্ছিলেন। এসময় সীমান্তে টহলরত কয়েকজন বিএসএফ জওয়ান তাদেরকে সেখানে বসে থাকার কারণ জিজ্ঞাসা করে। এই নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে বিএসএফ অতর্কিত তাদের উপর হামলা করে। গ্রামবাসীও বিএসএফ এর জওয়ানদের উপর পাল্টা হামলা করে। এসময় বিএসএফ’র গুলিতে ইসমাইল মিয়া (৭৫) ঘটনাস্থলে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এসে বিএসএফ’র উপর হামলা চালায়। এতে বিএসএফ সদস্য সন্দীপ কুমার নিহত হন। আহত হন ১০ গ্রামবাসী। ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের সদর বিভাগীয় কমিটির সভাপতি নুর মোহাম্মদ রাজ্যে সরকারের কাছে দাবি করেন, নিরীহ গ্রামবাসীর উপর রাতের আঁধারে এভাবে বিনা প্ররোচণায় বিএসএফ’র গুলি চালানো বর্বরোচিত ঘটনা।