পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, জিও টিভিকে লাইসেন্স স্থগিত করার যে শাস্তি দেওয়া হয়েছে তাতে তিনি সন্তুষ্ট নন। প্রতিরক্ষামন্ত্রী আরো শাস্তির দাবি জানান। গত শুক্রবার পাকিস্তান ইলেক্ট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পেমরা) ১৫ দিনের জন্য দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের মালিকানাধীন জিও টিভির লাইসেন্স স্থগিত করে এবং একই সঙ্গে ১ কোটি রুপি জরিমাণা করা হয়। খবর ডন এর।
প্রতিরক্ষামন্ত্রী বিবৃতিতে জিও টিভির শাস্তি আরো বাড়াতে আপিল করা হবে বলেও জানান। শুক্রবার লাইসেন্স স্থগিতের ঘোষণার কিছুক্ষণ আগে জিও টিভির পক্ষ থেকে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্সের বিরুদ্ধে (আইএসআই) ৫শত মিলিয়ন ডলারের একটি মানহানি মামলা দায়ের করা হয়। সংস্থাটিকে জিও টিভির সম্মান ক্ষুন্ন করার জন্য ১৪ দিনের মধ্যে ক্ষমা চাওয়ারও নোটিশ দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, শিগগিরই জিও টিভির এই নোটিশের জবাব দেওয়া হবে।
