তথ্য প্রযুক্তি খাতে আগামীতে উন্নতি দ্রুততর হবে

আপডেট : ০৭ জুন ২০১৪, ২৩:১৩
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এখন তথ্য প্রযুক্তির সময়। প্রযুক্তির মাধ্যমে আমরা অসম্ভবকে সম্ভব করছি। তথ্য প্রযুক্তি খাতে অসম্ভবকে সম্ভব করার কাজ অব্যাহত থাকবে। গতকাল শনিবার সন্ধ্যায় ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন- ২০১৪ ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিগত ৫ বছরে পাবলিক সেক্টরে আশানুরূপ বিনিয়োগ হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান আজ সারাদেশের স্লোগানে পরিণত হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এ খাতের উন্নতি আরো দ্রুততর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেদিন আর দূরে নয় যেদিন শতভাগ মানুষের হাতে মোবাইল থাকবে। তবে বিদ্যুত্ ছাড়া এই খাত এগোবে না। তাই আমরা বিদ্যুত্ উত্পাদনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।