ভোলায় এম এ আলী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাওলাদার এম এ আলী (৬৭) শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। ঐ দিন সন্ধ্যায় তিনি প্রতিষ্ঠানের মাইক্রোবাস নিয়ে শহরের মহাজনপট্টির একটি দোকান থেকে চাউল, হলুদ-মরিচসহ রমজান মাসের মালামাল ক্রয় করেন। মাইক্রোবাসটি ঐ দোকানের সামনে রেখে মসজিদে নামাজ পড়তে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহূত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এম এ আলী প্রতিবন্ধী স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন জানান, স্কুলের স্টাফদের সঙ্গে পরিচালক এম এ আলীর বিরোধ রয়েছে। এর জের ধরে তিনি অপহরণ হতে পারেন। এ ব্যাপারে ভোলা সদর থানার ওসি মোবাশ্বের আলী জানান, নিখোঁজ এম এ আলীকে খুঁজে বের করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় ঐ স্কুলের দুইজন স্টাফ বাচ্চু ও মন্টুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ মে ভোলা শহরের তালুকদার মার্কেটের জুতা ব্যবসায়ী মোঃ শাহরিয়ার নিখোঁজ হন। তিনদিন পর ঢাকার আশুলিয়া থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
