ফিফার কঠোর সমালোচনায় ম্যারাডোনা

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:৩৫
ফিফার ঘুষ কেলেঙ্কারির সমালোচনা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। কাতার বিশ্বকাপ আয়োজনে ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত বলে যে সকল ফিফা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। রবিবার প্রকাশিত খবরে একথা বলা হয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা ম্যারাডোনা আবুধাবি কেন্দ্রিক ‘আল ইত্তিহাদ’ পত্রিকাকে বলেন, ‘বিশ্ব ফুটবল নির্বাহী সংস্থায় ঘুষ লেনদেনের অনেক ঘটনা রয়েছে। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিশেষ করে সর্বশেষ ঘটনা-২০২২ বিশ্বকাপ আয়োজক হিসাবে কাতারকে নির্বাচন করার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে।’ তিনি বলেন, ‘এই বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল, কারা এটা গ্রহণ করেছে এবং কেন। অবশ্যই সব বিষয়ে তদন্ত করতে হবে।’ তিনি আরো বলেন, সবসময়ই তিনি এমন দাবি করে আসছেন কিন্তু ঘুষের বিষয়ে ফিফা কোন ব্যবস্থা নেয়নি। বিতর্কিত সাবেক ফুটবল কর্মকর্তা মোহাম্মদ বিন হাম্মান পিছনে থেকে ভূমিকা রেখেছে-এমন অভিযোগ ওঠার পর ২০২২ বিশ্বকাপ আয়োজক হিসাবে অত্যন্ত চাপে রয়েছে কাতার। গত সপ্তাহে বৃটিশ পত্রিকা সানডে টাইমস-এ প্রকাশিত খবরে বলা হয়, আয়োজক হিসাবে সমর্থন পাওয়ার জন্য হাম্মান ৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে। এ সংক্রান্ত বহু ই-মেইল ও প্রমাণপত্র পাওয়া গেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। আসন্ন বিশ্বকাপে ভেনেজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্য দায়িত্ব পালন করতে ব্রাজিলগামী ম্যারাডোনা বলেন, ‘ঘুষ এবং দুর্নীতি থেকে বের হয়ে ফুটবল আনন্দদায়ক একটা খেলায় ফিরবে বলে আমি আশা করছি।’-বাসস