জাতীয় প্রেসক্লাবে রবীন্দ্র ও নজরুল স্মরণোত্সব

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:৩৭
‘আজ নিশিতের অভিসার/ তোমারই পথে’ প্রিয়তম’। বাংলা সঙ্গীতের অদ্বিতীয় অধীশ্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই সুর লহরীতে শুক্রবার সন্ধ্যায় মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব অঙ্গন। শাহীন সামাদের কণ্ঠে নজরুল সঙ্গীতের পর একে একে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান, অদিতি মহসিন, অনিমা রায় ও সুমন চৌধুরী। রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতা ও প্রকৃতি প্রেমের দীক্ষায় নিজেদের উদ্বুদ্ধ করার আহবান জানান। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের মানুষ। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, গল্প, উপন্যাস, সাহিত্যের মানুষের প্রেরণার উত্স। জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক ফরিদা ইয়াসমিন রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি বখতিয়ার রাণা, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলম। ক্লাবের প্রবীণ ও নবীন সদস্যগণ সস্ত্রীক অনুষ্ঠান উপভোগ করেন।