নারায়ণগঞ্জের বন্দর ও নাটোরের নলডাঙ্গা উপজেলার ভোট আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রার্থীরা সহিংসতা ও কেন্দ্র দখলের আশংকা করেছেন। তবে সহিংসতা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন ইতোমধ্যে নিজেদের কঠোরতার ঘোষণা দিলেও দৃশ্যত কোন পদক্ষেপ নেই। নির্বাচন উপলক্ষে দুই উপজেলায় ছুটি ঘোষণা করা হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ। ভাইস চেয়ারম্যান পদে দলের কর্মী আক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আঞ্জুমান আরা রত্না। ১৮ দল সমর্থিত প্রার্থী হলেন নলডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মাওলানা জিয়াউল হক জিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি। এছাড়াও মহাজোটের অন্যতম প্রধান শরিক জাতীয় পার্টির নেতা বাবলু প্রামাণিক ও স্বতন্ত্রভাবে রিয়াজুল ইসলাম নামে আরো একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আটজন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী হয়েছেন আতাউর রহমান মুকুল ও নূরুদ্দিন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছেন এমএ রশিদ।
ব্যাংক বন্ধ থাকবে
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন ছয়টি উপজেলায় ব্যাংক বন্ধ থাকবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা উপজেলা নির্বাচনের দিন বন্ধ থাকবে।
