মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় স্ত্রী ও মেয়েকে হত্যা করে তাদের মৃতদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে এক ব্যক্তি। গতকাল রবিবার সকালে উপজেলার বিজয়নগর গ্রামে গাছ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন সুমাইয়া বেগম (৩২) ও মেয়ে সাবিয়া আক্তার (৬)। ঘটনার পর থেকে পলাতক ঘাতক তারা মিয়া।
এলাকাবাসী ও পুলিশ জানান, সুমাইয়া বেগম মেয়ে সাবিয়াকে নিয়ে অন্য দিনের মতো শনিবার রাতেও নিজ বাড়িতে ঘুমাতে যান। তাদের সঙ্গে তারা মিয়াও ঘুমাতে যান। গতকাল ভোরে বাড়ির পাশের একটি গাছে মা ও মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, সকাল থেকে তারা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মিয়া একাধিক বিয়ে করেছে। সে মাঝে মাঝেই সুমাইয়াকে মারধর করত। তারা মিয়া মাদকাসক্ত ছিল। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিব উল্লাহ জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যাকাণ্ড কিনা।
