স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগ জরুরি

আপডেট : ০৮ জুন ২০১৪, ২৩:০৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সপ্তাহে অন্তত একদিন গরিব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের গরীব ও শ্রমজীবী জনগোষ্ঠীর গর্ভবতী মায়ের সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ জরুরি। বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে সপ্তাহে অন্তত একদিন বিনামূল্যে প্রসব ও গর্ভবতীর স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ নেয়া উচিত। গতকাল রবিবার বিকালে রূপসী বাংলা হোটেলে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিচালনা সহায়িকার দ্বিতীয় সংস্কারের মোড়ক উন্মোচন ও সার্বক্ষণিক নিরাপদ প্রসবসেবা কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কানাডা সরকারের বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য ও উন্নয়ন বিভাগের আর্থিক সহযোগিতায় পরিবার পরিকল্পনা অধিদফতর এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প (ওয়াচ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্বের মধ্যে সবচেয়ে স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ জন্য বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকদের এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানের শুরুতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের উদ্যোগে সার্বক্ষণিক নিরাপদ প্রসব কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক ডা. মেরী রশীদ ও পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. তাপস রঞ্জন দাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার, বিএমএ’র সভাপতি ডা. মাহমুদ হাসান, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, কানাডার বাংলাদেশ উন্নয়ন কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর জ্যানেট ডুরনো প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ইউএইচএফডব্লিউসি পরিচালনা কার্যক্রম সহায়িকার দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করেন।