‘ফরমালিনমুক্ত আমের মেলা’ বিজ্ঞাপন দিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজন করা মেলার কোন কোনটিতে দেদারসে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত আম। রাজধানীর কলাবাগানে ভ্রাম্যমাণ আদালত গতকাল রবিবার অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত আম শনাক্ত করে। বিএসটিআই, জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কলাবাগান এলাকার আমের মেলায় ৩টি দোকানের মধ্যে ২টি দোকানে আমের উপর ফরমালিন পরীক্ষা করা হয়। পরীক্ষায় আমের উপর ফরমালিনের উপস্থিতি পাওয়ায় প্রতিষ্ঠান দুইটিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুইটির ২০ থেকে ২৫ মণ ফরমালিনযুক্ত আম ধ্বংস করা হয়েছে।
এছাড়া নিউমার্কেটের ফলের দোকানে আম ও আঙ্গুরের উপর ফরমালিন পরীক্ষা করে আঙ্গুরের উপর ফরমালিনের উপস্থিতি পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা এবং ১০ কেজি আঙ্গুর ধ্বংস করা হয়। তাছাড়া পলাশীর মোড়ে বিভিন্ন ফলের দোকানে আমের উপর ফরমালিন পরীক্ষা করে ফরমালিন পাওয়া যায়নি।
