নগরীর ফকিরবাড়ী রোডে গতকাল রবিবার নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ ও কেমিক্যাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। কারখানার মালিক এবিএম মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নগরীর ফকিরবাড়ী রোডের জহুরা ম্যানসন বাড়িতে ‘জি সন্স’ ল্যাবরেটারি নামের কারখানায় অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, কেমিক্যাল ও ওষুধ তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট ওষুধ কারখানাটি সিলগালা করে দেয়।
ডিবির এসি ভাস্কর সাহা জানান, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কোম্পানি কয়েকদিন আগে তাদের ওষুধ নকল করে বাজারজাত করার জন্য অজ্ঞাত বিভিন্ন কোম্পানির নামে একটি লিখিত অভিযোগ দেন।
