আরিফ ও রানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে

আপডেট : ০৮ জুন ২০১৪, ২৩:২০
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া র্যাবের সাবেক দুই কর্মকর্তা আরিফ হোসেন ও এম এম রানাকে গত শনিবার নারায়ণগঞ্জ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থায় এই দু’জনকে প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ। তিনি জানান, আইজি প্রিজনের নির্দেশে দু’জনকে ঢাকা পাঠানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের দু’জনকে একটি সেলে রাখা হয়েছে বলে জানিয়েছেন একজন কারা কর্মকর্তা। জানা গেছে, সেভেন মার্ডারের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামী নূর হোসেনসহ ৬ জনের কাউকেই গ্রেফতার করতে পারেনি। গত বৃহস্পতিবার এম এম রানা ও বুধবার আরিফ হোসেন পৃথকভাবে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। তারা দু’জনই সাত খুনের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তবে তারেক সাঈদ বর্তমানে রিমান্ডে আছেন।