মালয়েশিয়ার বহুল আলোচিত সেই নিখোঁজ বিমানটি এবং এর হতভাগ্য যাত্রীরা যাতে স্মৃতির আড়ালে চলে না যায় সেজন্য এক উদ্যোগ গ্রহণ করেছে যাত্রীদের স্বজনরা। এমএইচ৩৭০ বিমানটির কিংবা যাত্রীদের সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য দিলে মিলে যাবে ৫০ লাখ ডলার পুরস্কার। ঘটনার তিন মাস পর পুরস্কারের অর্থ জোগাড়ের ব্যতিক্রমী এই আয়োজনও শুরু করেছেন তারা। শোকার্ত স্বজনরা এই আয়োজনের নাম দিয়েছেন ‘রিওয়ার্ড এমএইচ৩৭০’। কারণ তারা বিশ্বাস করেন, পৃথিবীর কেউ না কেউ এ ব্যাপারে কিছু না কিছু জানেন।
আয়োজকরা জানিয়েছেন, মোট ৫০ লাখ ডলার ফান্ড সংগ্রহ করা হবে। ওই ফান্ডই পুরস্কার হিসেবে প্রদান করা হবে। যাতে করে কেউ একজন হারিয়ে যাওয়া বিমানটির সংবাদ নিয়ে এগিয়ে আসেন। তাদের আশা, এতে করে কোন তথ্যধারী হয়তো উত্সাহিত হবেন। গতকাল রবিবার এমএইচ৩৭০ এর যাত্রীদের পরিবারের সদস্যরা তাদের নতুন এ পরিকল্পনার কথা ঘোষণা করেন। ঠিক তিন মাস আগে এই তারিখেই আকস্মিকভাবে হারিয়ে যায় বিমানটি। অনেক চেষ্টা করেও এই নিখোঁজ রহস্যের কিনারা হয়নি। হারিয়ে যাবার সময় বিমানটিতে যাত্রী ছিলেন ২৩৯ জন। বিমানটির অনুসন্ধানে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। এতে যোগ দিয়েছিল কয়েকটি দেশ। আধুনিক বিজ্ঞানের উন্নতির যুগে একটি বিমান খুঁজে পাওয়া যাবে না এমন তথ্য বিশ্বাস করতে পারছে না অনেকেই। বিশেষ করে যাত্রীদের স্বজনরা। তাদের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন দেশ এবং সংস্থা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বিমানটি উদ্ধারের চেষ্টা করেছে। কিন্তু সামান্যতম নিশানাও বের করতে পারেনি। তাই শেষ চেষ্টা হিসেবে এই পুরস্কার ঘোষণা।
