কুমিল্লায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক প্রকৌশলীসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় চট্টগ্রাম অভিমুখি একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখি একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। নিহতরা হলেন- চট্টগ্রামের কলাবাগান এলাকার সাগর (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর গ্রামের আবদুস সাত্তারের পুত্র শরীফ আহমেদ (২৮)। এ দুর্ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান, তবে তার নাম জানা যায়নি। স্থানীয়রা অটোরিকশার চালকসহ আহত ৩ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ময়নামতি হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, তবে এর চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।
গোয়ালন্দে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, শনিবার মধ্যরাতে গোয়ালন্দ পৌরসভা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত ও অন্তত ২০জন আহত হয়েছে।
ঢাকা থেকে খুলনাগামী দিগন্ত পরিবহন ও খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাস শনিবার রাত সোয়া একটার দিকে গোয়ালন্দ পৌরসভার কাছাকাছি পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। চালক আব্দুল হালিমকে হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত এক যাত্রী মারা যায়। আহত আনোয়ার হোসেন, আব্দুল খালেক, রেজাউল, আব্দুল হালিম, কল্যান সরদার, মুঞ্জু, রুহুল আমিন, মরিয়ম, রোখসানা, ফেরদৌস ও জালাল উদ্দিনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদেরকে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় পাঠানো হয়।
