আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ দেশের বৃহত্ ও প্রাচীন একটি রাজনৈতিক দল। এ দলে যোগ্য লোকের অভাব নেই। তাই দলের জন্য কেউ অপরিহার্য নয়। দলের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, তা হলে সাংগঠনিক ভিত কখনো মজবুত হবে না।
গতকাল রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন বলে জানা গেছে।
সূত্র জানায়, সংগঠনকে মজবুত করতে ধীরে ধীরে দেশের মেয়াদোত্তীর্ণ সব সাংগঠনিক জেলার কাউন্সিলের তারিখ চূড়ান্ত করা হবে বলে বৈঠকে সৈয়দ আশরাফ জানান। তবে তিনি নারায়ণগঞ্জ কিংবা ফেনীর সামপ্রতিক ঘটনাবলী নিয়ে কোনো কথা বলেননি।
বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদক প্রস্তাব করেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে বিভাগীয় প্রতিনিধি সভা করতে হবে। এ সময় বৈঠকে উপস্থিত সবাই এটির সমর্থন করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চীন থেকে দেশে ফেরার পর যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বলে বৈঠকে জানানো হয়।
সাত জেলায় কাউন্সিলের তারিখ নির্ধারণ
মেয়াদোত্তীর্ণ দেশের সাত জেলা আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। জেলাগুলো হলো মুন্সিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, খুলনা মহানগর ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ। গতকাল রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ২১ জুন। এছাড়া বরগুনা জেলা আওয়ামী লীগ ২৬ জুন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ২৭ জুন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ ২৮ জুন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ ১২ জুলাই, খুলনা মহানগর আওয়ামী লীগ ১৫ জুলাই ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে ১৯ জুলাই।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি, আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, বীর বাহাদুর এমপি, আবু সাঈদ আল মামুন স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ।
