বাংলাদেশ থেকে ক্যাসপারস্কি ২০১৫-এর যাত্রা শুরু

আপডেট : ০৯ জুন ২০১৪, ১৯:৪২
ক্যাসপারস্কি ল্যাব তাদের নিরাপত্তা সলিউশন ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি এবং অ্যান্টিভাইরাসের সর্বশেষ ২০১৫ সংস্করণ অবমুক্ত করেছে বাংলাদেশের বাজারে। বাংলাদেশ থেকেই এই নতুন সংস্করণের সফটওয়্যারগুলো যাত্রা শুরু করছে বিশ্বব্যাপী। বাংলাদেশ এবং ভূটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্র্যাক্টসের কার্যালয়ে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন সংস্করণগুলো অবমুক্ত করা হয়। ক্যাসপারস্কি ল্যাব এবং অফিস এক্সট্র্যাক্টসের যৌথ আয়োজনের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি ল্যাব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর অপারেশন্স ম্যাক্সিম মিত্রোখিন ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হালদে এবং অফিস এক্সট্র্যাক্টসের সিইও প্রবীর সরকার। অনুষ্ঠানে ম্যাক্সিম মিত্রোখিন বলেন, ‘বাংলাদেশের ক্যাসপারস্কি ল্যাবের প্রতি গ্রাহকদের যে গ্রহণযোগ্যতা রয়েছে, তা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তাই নতুন সংস্করণের ক্যাসপারস্কি অবমুক্তির জন্য আমরা বাংলাদেশকেই বেছে নিয়েছি।’ অনুষ্ঠানে নতুন সংস্করণের ক্যাসপারস্কির ফিচারগুলো তুলে ধরে জানানো হয়, আগের যেকোনো সংস্করণের তুলনায় অনেক বেশি ফিচার নিয়ে নতুন সংস্করণের সলিউশনগুলো পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদান করতে সক্ষম।