গল্প নয় সত্যি

স্যুটকেস গাড়ি!

আপডেট : ০৯ জুন ২০১৪, ১৯:৫২
ব্যস্ত শহরে নিজের একটা বাহন না থাকলে যে কতটা ভোগান্তিতে পড়তে হয় সেটা ভুক্তভোগী মানুষ মাত্রই জানেন। আর ব্যস্ত শহরের এমনতর মানুষের কথা মাথায় রেখেই গেল দশ বছর ধরে সহজে বহনযোগ্য এবং কার্যকর একখানা বাহন তৈরির চেষ্টা চালাচ্ছিলেন চীনের কৃষক ও উদ্ভাবক হি লিয়াংচাই। আর তার এই নিরলস সাধনার ফলই হলো সম্প্রতি পরীক্ষামূলক ভাবে সফল হওয়া বিশেষ একটি স্যুটকেস গাড়ি। মূলত প্রাত্যহিক জীবনে আমরা মালপত্র বহনের জন্য যে ধরনের স্যুটকেস ব্যবহার করি সে ধরনের একটি স্যুটকেসকেই তিন চাকার গাড়িতে রূপান্তর করেছেন লিয়াংচাই। আর তার এই স্যুটকেস গাড়িতে করে প্রয়োজনীয় কিছু মালামাল বহনের পাশাপাশি অনায়াসে চড়ে বসতে পারেন একজন পূর্ণবয়স্ক মানুষও। লিয়াংচাই এর উদ্ভাবিত এই স্যুটকেস গাড়িটির ওজন মাত্র সাত কেজি। আর এটির সাহায্যে খুব সহজেই ২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ব্যস্ত রাস্তা ধরে ছুটে চলা যায়। মূলত ব্যাটারির সাহায্যে চালিত তিন চাকার এই গাড়িটি একবার পূর্ণ চার্জ দেওয়া হলে একটানা চলতে পারে প্রায় ৬০ কিলোমিটার বা ৩৭ মাইল সমপরিমাণ দূরত্ব। লিয়াংচাই জানিয়েছেন, দশ বছরের চেষ্টা এবং প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা খরচ করে বানানো এই স্যুটকেস গাড়িটিতে গতি নিয়ন্ত্রণ, ব্রেক ও আলোর মতো প্রয়োজনীয় বিষয়ের পাশাপাশি রয়েছে জিপিএস সিস্টেমের মতো আধুনিক অনুষঙ্গও। আর এটি একদিকে যেমন চীনের পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে তেমনি শব্দবিহীন এই স্যুটকেস গাড়ির সাহায্যে নিশ্চিন্তে পাড়ি দেওয়া যাবে প্রচন্ড জ্যামের পথও। এ ছাড়া সহজে বহনযোগ্য এই গাড়িটির দামও হাতের নাগালে থাকবে বলে জানিয়েছেন এর উদ্ভাবক লিয়াংচাই। অন্যদিকে নিজের বানানো এই স্যুটকেস গাড়িটির জ্বালানী বিষয়ে বলতে গিয়ে লিয়াংচাই জানিয়েছেন, ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবার পর এটি খুব সহজেই স্যুটকেস থেকে বের করে আনা যায় এবং এরপর বিশেষভাবে তৈরি একটি চার্জারের সাহায্যে যেকোনো সাধারণ পাওয়ার আউটলেট থেকেই চার্জ দেওয়া যায়। অন্যদিকে পূর্ণমাত্রায় উত্পাদন করা সম্ভব হলে এ ধরনের একেকটি স্যুটকেস গাড়ি মডেলভেদে পঞ্চাশ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা সম্ভব হবে বলে জানিয়েছেন হি লিয়াংচাই।