মুন্সীগঞ্জে ডাকাতের হামলায় কিশোর নিহত, আহত ২৩

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৫০
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখর নগর দক্ষিণহাটি গ্রামে রবিবার গভীর রাতে ডাকাতের হামলায় রিঙ্কু শীল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া ডাকাতদের হামলায় দুইজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৩ ব্যক্তি আহত হয়েছে। গুলিবিদ্ধ পঙ্কজ মজুমদার ও দিপক মণ্ডল এবং ডাকাতের দায়ের কোপে মারাত্মক আহত আনোয়ার বেপারী ও ডা. সজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। বিয়ে বাড়িসহ ৫টি বাড়ি থেকে ৬৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা লুট করে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার পুলিশ সন্দেহজনকভাবে ১০ ব্যক্তিকে আটক করেছে। ডাকাতরা শাহজাহান আলী (শাহজাহানের মেয়ে সাথীর রিয়ের অনুষ্ঠান ছিল সোমবার), কৃষ্ণ মল্লিক, সাদেক আলী, সিরাজুল ইসলাম ও আনোয়ার বেপারীর বাড়িতে ডাকাতি করে সর্বস্ব লুট করে নেয়। রাত পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই লুটপাট চালায় ডাকাত দল। এক পর্যায়ে গ্রামবাসী ধাওয়া করলে ডাকাতরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। পরে শটগানের গুলি ছুঁড়তে ছুঁড়তে ডাকাতরা পালিয়ে যায়। নিহত রিঙ্কু শীল শেখর নগর দক্ষিণহাটি গ্রামের দিলীপ শীলের পুত্র। সে শেখর নগর বাজারের একটি সেলুনের কর্মচারী ছিল। তার স্ত্রী সাত মাসের গর্ভবতী। মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার জানান, রাত পৌনে ২টার দিকে হাফপ্যান্ট ও মুখোশপরা ২০/২৫ জনের ডাকাত দল তেঘরিয়া গ্রামের আনোয়ার বেপারীর বাড়িতে প্রথম হানা দেয়। এই সময় আনোয়ার ও তার পুত্র ডা. সজিব, পুত্রবধূ সাহানারা আক্তারসহ তিন জনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে পার্শ্ববর্তী শেখর নগর দক্ষিণহাটি গ্রামে ডাকাতরা হানা দেয়। এক পর্যায়ে গ্রামাবাসী টেঁটা ও জুইত্যাসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের ধাওয়া করে। পরে পুলিশও গ্রামবাসীদের সাথে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা শর্টগানের গুলি ছুঁড়লে পঙ্কজ মজুমদার গুলিবিদ্ধ হয়। পরে সে টেঁটা ফেলে পালিয়ে যায়। এই সময় পঙ্কজ মজুমদারের ফেলে যাওয়া টেঁটা ডাকাতরা ছুঁড়ে মারে গ্রামবাসীর উদ্দেশে। এই টেঁটা বিদ্ধ হয় রিঙ্কু শীলের পায়ে। সে মাটিতে লুটিয়ে পড়লে ডাকাতরা মাথায় রাম দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। সংঘর্ষের এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে শেখর নগরের আড়িয়াল বিল দিয়ে পালিয়ে যায়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মোট ১০ জনকে আটক করেছে। রিঙ্কুর লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।