নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গণনা সম্ভব নয়, যদি না আইন প্রণেতারা সংসদে এ বিষয়ে আইন পাস করেন। বিগত নির্বাচন কমিশন ইভিএমের উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এটা নির্বাচন কমিশনের চালু করার কোন এখতিয়ার নেই। তাই আইন যখন হবে তখন এটাও হবে। ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম ২০১৪ উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঝালকাঠি জেলা প্রশাসক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক রাজস্ব মো. শাহরিয়াজ, পুলিশ সুপার মজিদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ।
পিরোজপুর অফিস জানায়, সোমবার বিকালে পিরোজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মোঃ জাবেদ আলী বলেছেন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা নির্ভুল-স্বচ্ছ এবং নিখুঁত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
