বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের ১২ জন বিশিষ্ট শিল্পী পরিবেশ বিষয়ক আর্টক্যাম্পে ছবি আঁকছেন। এই আর্টক্যাম্পের শিরোনাম ‘এই ধরিত্রী আমারও’। সুস্থ সুন্দর প্রকৃতি ও পরিবেশকে ফিরিয়ে এনে পৃথিবীকে সকল মানুষের বাসযোগ্য করার মানবিক আহবানকে সামনে রেখে আয়োজিত বাংলাদেশের নিসর্গ রানী চট্টগ্রামের আর্টক্যাম্প শেষ হবে ১২ জুন। প্রকৃতির নানাদিক ও প্রসঙ্গ নিয়ে শিল্পীদের প্রত্যেকে ৪টি করে পেইন্টিং করছেন। আগামী ১৮ জুন চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে পরিবেশ বিষয়ক ৪৮টি পেইন্টিং নিয়ে ১২ জন শিল্পীর এক যৌথ প্রদর্শনী শুরু হবে। এটি চলবে ৪ দিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী গ্যালারীতে ছবি আঁকছেন, একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট শিল্পী মনসুর উল করিম, সাইফুল কবীর, জাহেদ আলী চৌধুরী, জসিম উদ্দিন, নাসিমা আখতার, শায়লা শারমিন, কেএমএ কাইয়ূম, সৌমেন দাশ, সুফিয়া বেগম, তাসলিমা আকতার, সুব্রত দাশ এবং জিহান করিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, এলিট পেইন্ট ও সুপার গ্রুপ এই আর্টক্যাম্পের আয়োজন করেছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার। বিশ্ব পরিবেশ দিবসে আর্টক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
