‘পান্টের শূন্যতা ভোগাবে ভারতকে’

আপডেট : ২৭ মে ২০১৯, ২১:৫৮

স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপ ক্রিকেটে শিরোপাপ্রত্যাশী হিসেবেই পা রেখেছে ভারত। দলটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনের মতে, ভারতের সাথে সাথে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডেরও বিশ্বকাপ জেতার ভালোই সম্ভাবনা আছে। তবে তৃতীয় বিশ্বকাপের মিশনে রিশভ পান্টকে না নিয়ে যাওয়াকে ভালোভাবে দেখছেন না তিনি। জানালেন, তার বিস্ফোরক প্রতিভার শূন্যতা ভালোভাবেই অনুভব করবে দল। সমপ্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এ বছর ভারতের ভালো করা উচিত। আমি মনে করি ভারত ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে শিরোপা জন্য যৌথভাবে ফেভারিট। যদি আপনি বিশ্বকাপের ইতিহাস ঘাঁটেন তবে দেখবেন যে নিউজিল্যান্ড সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। তারা যে কখনোই বিশ্বকাপ জেতেনি তা তাদের দূর্ভাগ্য। আমি নিশ্চিত কেন উইলিয়ামসন ও রস টেলর এবং তাদের সহকর্মীরা এবারও ভাল ব্র্যান্ডের ক্রিকেট খেলবে।’

ভারতের বর্তমান দলকে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখলেও আজহার মনে করেন দলটিতে ভালোভাবেই থাকতে পারতেন রিশভ পান্ট। তার শূন্যতা ভোগাতে পারে বলে মনে করছেন তিনি, ‘দল রিশভ পান্ট ও তার বিস্ফোরক প্রতিভাকে মিস করবে। সে পরিস্থিতির তোয়াক্কা করে না কখনোই এবং বলকে কঠিনভাবে আঘাত করার মাধ্যমে নিজের খেলাটা ধরে রাখে সে।’