ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, ভারত সরকারকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
গতকাল সোমবার পার্লামেন্টে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দানকালে রাষ্ট্রপতি বলেন, ভারতের অর্থনীতি কঠিন সময় পার করছে। মূল্যস্ফীতি অনেক বেশি যা অগ্রহণযোগ্য। তিনি একই সাথে আগামী পাঁচ বছর নয়া সরকারের কর্মকান্ডের রূপরেখা তুলে ধরেন। রাষ্ট্রপতি বললেন ৫টি ‘টি’-এর ওপর গুরত্ব দেবে সরকার। তা হল- ট্র্যাডিশন (ঐতিহ্য), ট্যালেন্ট (প্রতিভা), ট্যুরিজম (পর্যটন), ট্রেড (বাণিজ্য), টেকনোলজি (প্রযুক্তি)। এছাড়া তিনটি ‘ডি’ ও তিনটি ‘এস’ এর ওপর গুরুত্ব দেয়া হবে। সেগুলো হল-তিনটি ‘ডি’- ডেমোক্রেসি (গণতন্ত্র), ডেমোগ্রফি (জনসংখ্যা), ডিমান্ড (চাহিদা)। তিনটি ‘এস’- স্কিল (দক্ষতা), স্পিড (গতি), স্কেল (আয়তন)।
রাষ্ট্রপতি ভাষণে বলেন, সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। উত্তর-পূর্ব ভারতে অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে সরকার। তিনি বলেন, জাতীয় শিল্পনীতি চালু করা হবে। বিদেশ থেকে কালো টাকা উদ্ধারে বিশেষ জোর দেয়া হবে। রাষ্ট্রপতি আরো বলেন,পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করা হবে। সঙ্গে নতুন উেসর সন্ধান করা হবে। ১০০টি নতুন নগর তৈরি হবে।
এই সরকারের একটিই মন্ত্র ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’ উল্লেখ করে রাষ্ট্র্রপতি বলেন, পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ জীবনের মানোন্নয়ন করতে এই সরকার দায়বদ্ধ। জাতীয় জমি ব্যবহার নীতি গ্রহণ করবে সরকার। জলের প্রতিটি ফোঁটা মূল্যবান। তাই সরকার জল সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে। বৃষ্টির জল ধরে রেখে জল সংরক্ষণের মতো বিষয়কেও গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট রাজ্যের সমস্যার উপর নির্ভর করে তৈরি হবে রাজ্যভিত্তিক উন্নয়নের মডেল। স্বচ্ছ ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে এবং দুর্নীতির মোকাবিলা করতে লোকপাল কার্যকরী করতে এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।
