হারে সমাপ্তি জুভেন্তাসের

আপডেট : ২৭ মে ২০১৯, ২১:৫৯

স্পোর্টস ডেস্ক

লিগ শিরোপা নিশ্চিত করার পর পথ হারানো জুভেন্তাসের মৌসুমের শেষটাও হলো হতাশায়। ইতালির শীর্ষ লিগটিতে নিজেদের শেষ ম্যাচে সাম্পদোরিয়ার কাছে হেরে গেছে টানা আটবারের চ্যাম্পিয়নরা।

জুভেন্তাস গত রবিবার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য এ ম্যাচে অংশ নেননি। দুই দলের প্রথম দেখায় ডিসেম্বরে এই রোনালদোর জোড়া গোলে জিতেছিল জুভেন্তাস। সেবারের জয়টি ছিল ২-১ ব্যবধানের।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থেকে এবারের সিরি আ শেষ করল সর্বোচ্চ ৩৫ বারের চ্যাম্পিয়নরা। ২০১০ সালের পর এই প্রথম তারা এতগুলো খেলায় জয়হীন কাটাতে বাধ্য হলো। ফলে তুরিনের ক্লাবটি তাদের বিদায়ী কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে জয়ের মধ্য দিয়ে বিদায় জানাতে পারলো না।

এমনকি রোনালদো না থাকায় খেলাটিতে নিজেকে মেলে ধরার সুযোগ ছিল পাওলো দিবালার; কিন্তু আক্রমণভাগে সুযোগ কাজে লাগাতে পারেননি এই আর্জেন্টাইন। তাকে অধিকাংশ সময়েই দুর্দশায় কাটাতে দেখা যায়। এমনকি সতীর্থদের দেওয়া পাসগুলোও তিনি অধিকাংশ সময় পায়ে রাখতে পারেননি।

আটলান্টা, ইন্টার চ্যাম্পিয়ন্স লিগে

এদিকে ইতালির সিরি আ থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে আটলান্টা। গত রবিবার অনুষ্ঠিত খেলায় শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সাসোউলোকে ৩-১ গোলে হারিয়ে এই কৃতিত্ব দেখালো দলটি।

ইন্টার মিলানও চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে। তারা এম্পোলিকে ২-১ গোলে হারায়। এসি মিলান জয় পেলেও পঞ্চম হওয়ায় কপাল পুড়েছে দলটির। গত রবিবার খেলা শুরুই হয় জুভেন্তাস ও নেপোলির পর কারা চ্যাম্পিয়ন্স লিগের অবশিষ্ট দুই আসন পূর্ণ করবে সেই কৌতুহল নিয়ে।

লড়াইয়ে ছিল ইন্টার, আটলান্টা, এসি মিলান ও রোমা। অবশেষে কপাল পুড়ে শেষ দুই দলের।