নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় জড়িত হিসেবে অভিযুক্ত র্যাবের ১৮ জন সদস্যকে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে র্যাব সদর দফতরে চিঠি দিয়েছে এ সংক্রান্ত হত্যা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। ইতিমধ্যে র্যাব সদর দফতরে এ চিঠি পৌঁছেছে। তদন্ত কমিটির সামনে ঐ ১৮ র্যাব সদস্যকে হাজির করতে র্যাব সদর দফতরকে অনুরোধ জানিয়েছেন তদন্তকারী দল। র্যাব সদর দফতরের একজন কর্মকর্তা ইত্তেফাককে বলেছেন, যথাসময়ে অভিযুক্তদের তদন্ত কমিটির সামনে হাজির করা হবে।
এদিকে র্যাব-১১ এর সাবেক কমান্ডিং অফিসার তারেক সাঈদকে গতকাল সোমবার পঞ্চম দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে আইনজীবীরা সাত খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, র্যাবের সাবেক কর্মকর্তা আরিফ হোসেন ও এম এম রানাই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। তাদের নির্দেশে বিভিন্ন পর্যায়ের ১৮ জন সদস্য ঐ অভিযানে অংশ নেয়। তারা সিনিয়র অফিসারদের নির্দেশ পালন করেন। এদের সবার নাম ও পদবি তদন্তকারীদের কাছে বলেছেন আরিফ। ঐ তালিকা ধরেই ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হয়েছে।
১৬ ব্যক্তি, ১৩ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব
এদিকে এই ঘটনায় অভিযুক্ত ১৬ ব্যক্তি ও তাদের মালিকানাধীন ১৩ প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক। সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে রবিবার তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্ট বা লকার পরিচালিত হয়ে থাকলে তার যাবতীয় তথ্য চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। এসব অ্যাকাউন্টে ১০ লাখ টাকা ও তার বেশি অঙ্কের লেনদেন হলে তার ভাউচারসহ বিবরণ পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে এদের কেউ সঞ্চয়পত্র বা নগদে পে-অর্ডার কিনলে তার বিস্তারিত দলিলও বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে বলা হয়েছে। তথ্য তলবের তালিকায় রয়েছে- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন, তার স্ত্রী রুমা হুসাইন, তার মালিকানাধীন এসএ ট্রেডার্স ও সিনথিয়া মত্স্য হ্যাচারি, নূর হোসেনের ভাই নূর উদ্দিন মিয়া ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সিমরাইল ইন্টারন্যাশনাল। এ ছাড়া র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মাহমুদ, এম এম রানা ও আরিফের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।
আরো যাদের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মিয়া ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ইয়াসিন ব্রাদার্স, হাসমত আলী ও তার মালিকানাধীন মেসার্স হাসমত অ্যান্ড ব্রাদার্স, মো. ইকবাল হোসাইন ও তার মালিকানাধীন নিউ লিজান অ্যাসোসিয়েট, ইকবাল ট্রেডার্স ও মৌচাক টিম্বার অ্যান্ড স’ মিল, মো. হাসমত আলী, জসিম উদ্দিন ভূঁইয়া ও হাজী হযরত আলীর মালিকানাধীন মেসার্স এস এইচ অ্যান্ড (জেভি) এবং হাজী হযরত আলী ও মো. হাসমত আলীর মালিকানাধীন মেসার্স এইচ এইচ অ্যান্ড এইচ জেভি। হযরত আলীর মালিকানাধীন আলী এন্টারপ্রাইজ, মো. শাহজালাল বাদলের মালিকানাধীন শাহজালাল ট্রেডার্স, কামাল হোসাইনের মালিকানাধীন মেসার্স তাসফিয়া এন্টারপ্রাইজ, আমিনুল হক ভূঁইয়ার মালিকানাধীন ভূঁইয়া এন্টারপ্রাইজ, আবদুুল মতিনের ছেলে আরিফুল হক হাসান, নূরুল হকের ছেলে আবদুল্লাহ আল মামুন, মীর নূর মোহাম্মদের ছেলে সিরাজ উদ-দৌলা, হাজী মুসলিম খানের ছেলে মাহবুব খান ও হাবিজুদ্দীন সরদারের ছেলে মো. আবদুুল মতিনের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।
তারেক ফের ৫ দিনের রিমান্ডে
আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকে অপহরণ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে তারেক সাঈদকে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
শুনানির সময়ে আদালতে রাষ্ট্রপক্ষে পুলিশের এস আই আশরাফুজ্জামান বলেন, নূর হোসেনের টাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে র্যাব। ইতোমধ্যে আরিফ হোসেন ও এম এম রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেয়া তথ্য আরো যাচাই-বাছাই করতে ৭ দিনের রিমান্ড প্রয়োজন।
কাউকে রক্ষার চেষ্টা করলে কঠোর আন্দোলন
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ৭ খুনের মামলায় গ্রেফতারকৃত র্যাব-১১ এর সাবেক দুই কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে রহস্যের জট খুলতে শুরু করেছে। জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মামলার প্রধান আসামি নূর হোসেনসহ এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেফতার করতে হবে। কাউকে রক্ষা করার চেষ্টা করা হলে আইনজীবীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। গতকাল দুপুরে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালতপাড়ায় মানববন্ধনে এই বক্তব্য দেন তিনি।
