আসন্ন রমজানকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাজারে নিয়ে আসছে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল ও ছোলা। রাজশাহী মহানগরী ও বিভাগের ৮ জেলা সদর পর্যায়ে প্রথম ধাপে এই কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া শিগগরিই আসছে খেজুরসহ অন্য পণ্য। সংশ্লিষ্টরা দাবি করছেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতেই এই উদ্যোগ। একই সাথে জোরদার হতে চলেছে বাজার মনিটরিং ব্যবস্থা।
টিসিবির রাজশাহী আঞ্চলিক অফিস প্রধান (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান জানান, রাজশাহী মহানগরীতে পাঁচটি এবং প্রত্যেক জেলা সদরে দু’টি করে ট্রাক নামানো হবে। ভোক্তা পর্যায়ে চিনি কেজি ৩৯ টাকা, মসুর ডাল (তুরস্ক/ মিশর থেকে আমদানিকৃত) ৬৫ টাকা এবং ছোলা (তাঞ্জিনিয়া থেকে আমদানিকৃত) ৪৪ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল (৫ লিটারের বোতলে ফ্রেশ ব্র্যান্ডের) ১০৬ টাকা এবং (৫ লিটারের বোতলে পুষ্টি ব্র্যান্ডের) ১০৭ টাকা। একজন ভোক্তা সর্বোচ্চ চার কেজি করে চিনি, মসুর ডাল ও ছোলা এবং ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
