সশস্ত্র বাহিনী থেকে প্রেষণে পদায়ন স্থগিত হবে না

আপডেট : ০৯ জুন ২০১৪, ২৩:২১
সশস্ত্র বাহিনী থেকে কর্মকর্তাদের র্যাবসহ বিভিন্ন বাহিনী ও সিভিল প্রশাসনে প্রেষণে পদায়ন স্থগিতের বিষয়টি নাকচ করে দিয়েছেন সংসদ কার্যে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল সোমবার জাতীয় সংসদে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বাহিনী বা সংস্থার নেতিবাচক মূল্যায়ন সুবিবেচনাপ্রসূত হতে পারে না। সিলেট-৫ আসনের জাতীয় পার্টির (জাপা) সেলিম উদ্দিনের এই প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ আরো বলেন, এসব সংস্থার বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন বা প্রেষণে নিয়োগ স্থগিত করার পরিবর্তে সুনির্দিষ্ট সমস্যাসমূহ চিহ্নিত করে প্রচলিত ব্যবস্থায় সংশোধন ও পরিমার্জন করাটাই অধিকতর ফলপ্রসূ হবে বলে প্রতীয়মান হয়। মন্ত্রী আরো বলেন, সাম্প্রতিককালে বিশ্বব্যাপী অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে প্রচলিত ধ্যান-ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে সুসংগঠিত এবং শক্তিশালী করার কাজে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক মাদক চোরাচালান বন্ধে দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশসমূহে সশস্ত্র বাহিনীর ব্যবহার এক্ষেত্রে উল্লেখযোগ্য। আমাদের প্রতিবেশী দেশসমূহেও একই ব্যবস্থার প্রচলন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।