‘ভালো গান করতে চাই’

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৩৮
নাজমুল ইসলাম। জন্ম সৌদি আরবে। বাংলাদেশি বংশোদ্ভূত এই ছেলেটি বেড়ে উঠেছেন সেখানে। এসএসসি পাস করেছেন রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে। এইচএসসিও করেছেন একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বর্তমানে পড়াশোনা করছেন ঢাকার সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ভালোলাগা অনেক শিল্পীর গান। তাদের মধ্যে আছেন জগজিত্ সিং, কিশোর কুমার, রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন। লেখালেখিও করেন তিনি। ‘হাজার স্বপ্ন ছিলো আমার’ নামে উপন্যাস প্রকাশিত হয় ২০০৪ সালে। মা ভক্ত ছেলে নাজমুল। মাকে খুব ভালোবাসেন। তিনি বলেন, আমার মায়ের উত্সাহে আমি সৃষ্টিশীল কাজ করতে পারছি। এটার কৃতিত্ব পুরোটাই মায়ের। নাজমুল আরো বলেন, মানুষকে চিকিত্সা সেবা দিতে চাই। মানবকল্যাণে উত্সর্গ করতে চাই নিজেকে। ইচ্ছে আছে একটি হাসপাতাল প্রতিষ্ঠার। যেখানে বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়া হবে। সারাটা জীবন গরীব, অসহায় এবং দুস্থ লোকের পাশে থাকতে চাই। সমপ্রতি বের হয়েছে নাজমুলের গানের অ্যালবাম ‘তুমি হীনা’। কথা ও সুর তার নিজেরই। এই অ্যালবামে আছে ‘তুমি ছাড়া এ জীবন, দুই চোখের ইশারায়, কত ছিলে তুমি আপনসহ আরো কিছু ভালো গান। গানের অনুপ্রেরণা পেয়েছেন মা এবং ছোট ভাই রাজের কাছ থেকে। এছাড়া ডা. নিবির তাকে গানের বিষয়ে উত্সাহ দিয়েছেন। গান পাগল নাজমুল নিজেকে নিয়ে বলতে গিয়ে বলেন, ‘আমার বেড়ে উঠা গানের সঙ্গে। ছোটবেলায় বন্ধুদের আড্ডায় গান করতাম। তারা উত্সাহ দিত। মেডিক্যালে ভর্তির পর থেকেই পূর্ণতা পেতে থাকে গানের ক্যারিয়ার।’ একটু আবেগী কণ্ঠে নাজমুল বলেন, পুরোদমে হয়ে উঠেছি গানের মানুষ। অসংখ্য মানুষ উত্সাহ দিয়েছে আমাকে। আমি চাই গানের মানুষ হয়ে বেঁচে থাকতে। সুস্থ ধারার গান করতে। ভালো গান করতে চাই।