রঙ ছড়ানো দিন

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৩৯
রঙ ছড়ানো দিন। সবার গায়ে মাখলো সে রঙ। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অতিথি সবাই বর্ণিল রঙে মিশে একাকার। তাতে উত্সবে মাতিয়ে রাখলো উর্বর ক্ষেত্রটি। পাবনা-ঢাকা মহাসড়কের পাশে প্রাচীরবেষ্টিত জায়গাটিতে দাঁড়িয়ে আছে কিছু বিল্ডিং। সেগুলোর পূর্ণতা দিতে কানে আসছে খুটখাট শব্দ। গাছাপালার দেখা মেলা ভার। চারদিক বালি চিক চিক করছে। গ্রীষ্মের তীব্র তাপদাহে শরীর পুড়ে যাওয়ার মত অবস্থা। এ সবকিছু মুহূর্তের জন্যও চিড় ধরাতে পারেনি, বাধা হতে পারেনি আনন্দ উদযাপনে। বাহারি রঙের সাজে আর বর্ণাঢ্য আয়োজনে ৫ জুন সারাদিন মুখরতি হয়ে উঠলো ৩০ একর জায়গা। আনন্দ শোভাযাত্রা, স্বাধীনতা চত্বরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনব্যাপী ক্যাম্পাসে ছিল উত্সবের আমেজ। এদিন ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০০৯ সালের ৫ জুন। সে হিসেবে পাঁচ বছর পেরিয়ে পা দিয়েছে ষষ্ঠ বছরে। দিনটি উদযাপনে উত্সবের কোন কমতি ছিল না। ক্যাম্পাসের মেইন গেইট থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত সাজানো রঙ-বেরঙের পতাকা শোভা আরো বাড়িয়ে দেয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস টিটিসি থেকে বাদ্যযন্ত্রের তালে আর নানান সাজে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্রছাত্রীরা এতে স্বতঃস্ফূর্ত অংশ নেয়। প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অংশ নিয়ে মান আরো বাড়িয়ে দেন।