উদ্দীপনা সংবাদ
উত্পল বিশ্বাস
“প্রত্যেকে আমরা পরের তরে” এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ স্কাউটস এর যশোর জেলার মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত হল ১ দিনের ওরিয়েন্টেশন কোর্স।
উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১জন করে শিক্ষক এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। যশোর এবং মণিরামপুরের পাঁচজন অভিজ্ঞ প্রশিক্ষক দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। সকাল ১০ টায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু কোর্সের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আব্দুর রউফ।
প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশনে স্কাউটস এর জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জীবনী ও বাংলাদেশে স্কাউটস আন্দোলনের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়। পরে স্কাউটস প্রতিজ্ঞা, আইন, চিহ্নসহ প্রাথমিক বিষয়গুলো প্রশিক্ষকবৃন্দ আলোচনা করেন। এ কোর্সের মূল উদ্দেশ্য ছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করে শিক্ষার্থীদের যুগোপযোগী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।
কোর্স শেষে প্রতিষ্ঠানে ফিরে গিয়ে স্কাউটস দল গঠন করার সুপারিশ ও পরবর্তীতে এই শিক্ষকদের নিয়ে ৫ দিনের বেসিক কোর্স পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।
