ডাব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৫৫
‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) পুরস্কার ২০১৪’ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম। জনগণের দোড়গোড়ায় সেবা (সার্ভিস অ্যাট সিটিজেনস ডোরস্টেপ) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এটুআই প্রোগ্রাম। জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তর জেনেভায় গতকাল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটি গ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আরও উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর কেএএম মোর্শেদ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আইটিইউয়ের সদস্য দেশের মন্ত্রী, নীতি নির্ধারক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধাণগণ উপস্থিত ছিলেন। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ৫ বছরের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমানে ইতিকবাচক পরিবর্তনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো উদ্যোগ ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির চূড়ান্ত পর্যায়ে পুরস্কৃত হলো। ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি প্রকল্প পুরস্কার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাশাপাশি বিশ্বব্যাপী সৃজনশীল উদ্ভাবনগুলো ছড়িয়ে দেওয়ার কাজও করছে এই প্রতিষ্ঠান।