বাজেটের প্রতিক্রিয়া জানাল বিসিএস কার্যনির্বাহী কমিটি

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৫৫
গত ৫ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট পেশ করার পর তার ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী কমিটি। বাজেটে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিকে নজর দিলেও বেশকিছু দিক দৃষ্টি আকর্ষণের দাবি রাখে বলে জানায় বিসিএস কার্যনির্বাহী কমিটি। প্রতিক্রিয়ায় ডিজিটাল বাংলাদেশকে গুরুত্ব প্রদান করায় এবং তথ্যপ্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বাড়ানোয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিসিএস। তথ্যপ্রযুক্তির জন্য ইতিবাচক দিকগুলোকে সাধুবাদ জানালেও আরও বেশকিছু বিষয়ে বাজেটের সংশোধনীও প্রস্তাব করেছে এই কমিটি। ১৯ ইঞ্চির চেয়ে বড় ২৭ ইঞ্চি পর্যন্ত মনিটরকে শুল্ক সুবিধা প্রদান; ইন্টারনেট ব্যবহারের ওপর গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার; এইচএস কোড পুনর্বিন্যাস; আইসিটি প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া মূসকমুক্ত রাখা; সিসি ক্যামেরায় শুল্ক হ্রাস; ওয়েবক্যামকে শুল্কমুক্ত রাখা; ভোক্তা পর্যায়ে আইসিটি পণ্যের ওপর এটিভি ৩%-এ নামিয়ে আনা; হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্কিংয়ে সম্পূরক শুল্ক অবকাশ সুবিধা প্রদান প্রভৃতি দাবিগুলোকে সংশোধনীতে যুক্ত করার আহ্বান জানিয়েছে বিসিএস।